নারীদের নিরাপদ যাতায়াতে ঢাকার সড়কে নামছে ‘পিংক বাস’
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে ঢাকার সড়কে চালু হচ্ছে বিশেষ ‘পিংক বাস’ সেবা। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে চালু হওয়া এই বাসে যাত্রীদের পাশাপাশি চালক ও কন্ডাক্টরও থাকবেন নারী।
মঙ্গলবার (১৮ আগস্ট) তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোতে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হবে।
প্রাথমিকভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি রুটে ১০টি বাস চলাচল করবে। নতুনবাজার-মতিঝিল, তালতলা-মতিঝিল, ডেমরা-জিপিও, মিরপুর-১০ ও মিরপুর-১২ থেকে মতিঝিল, মোহাম্মদপুর-মতিঝিল এবং আব্দুল্লাহপুর-মতিঝিলসহ বিভিন্ন রুটে এই সেবা পাওয়া যাবে। এছাড়া গাজীপুর-বিমানবন্দর রুটেও চলবে পিংক বাস।
ঢাকার পাশাপাশি বগুড়া ও চট্টগ্রামেও নারী যাত্রীদের জন্য বিশেষ এই বাসসেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
বিআরটিসি আশা করছে, নারীদের জন্য আলাদা এই পরিবহন ব্যবস্থা গণপরিবহনে তাদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাড়াবে। একই সঙ্গে পরিবহন খাতে নারীদের কর্মসংস্থান ও অংশগ্রহণ বৃদ্ধিতেও এটি ভূমিকা রাখবে।