চা-শ্রমিকদের জন্য প্রাথমিকভাবে ২০ হাজার রেইনকোট বিতরণ
দেশের চা-শ্রমিকদের বৃষ্টির মৌসুমে কাজের দুর্ভোগ কমাতে প্রাথমিকভাবে ২০ হাজার রেইনকোট বিতরণ করেছে সরকার। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে সচিবালয়ে কর্মসূচি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।
মন্ত্রী জানান, দেশের নিবন্ধিত প্রায় ১ লাখ ৩০ হাজার চা-বাগান শ্রমিককে পর্যায়ক্রমে রেইনকোট দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।
তিনি বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফরের বিভিন্ন কর্মসূচিতে প্রবল বৃষ্টির মধ্যেও চা-শ্রমিকরা অংশ নেন। ওই সময় বৃষ্টির মধ্যে চা পাতা সংগ্রহ করতে শ্রমিকদের যে দুর্ভোগ হয়, তা কমাতে প্রধানমন্ত্রী রেইনকোট দেওয়ার উদ্যোগ নেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন বেসরকারি করপোরেট প্রতিষ্ঠানের সহযোগিতায় প্রথম ধাপে ২০ হাজার রেইনকোট সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে প্রতীকীভাবে ১০ জন চা-শ্রমিকের হাতে এসব রেইনকোট তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সমাজকল্যাণমন্ত্রী জানান, আগামী দুই দিনের মধ্যে মৌলভীবাজার, সিলেট ও হবিগঞ্জের চা-বাগানগুলোতে কর্মরত শ্রমিকদের কাছে রেইনকোট পৌঁছে দেওয়া হবে। স্থানীয় সংসদ সদস্য এবং মালিক-শ্রমিক প্রতিনিধিদের মাধ্যমে এসব রেইনকোট বিতরণ করা হবে।