স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে দীপু মনির মেয়ে তানী দীপাবলি জেলা প্রশাসনের কাছে প্যারোলে মুক্তির আবেদন করেন। পরে জেলা প্রশাসনের ক্ষমতাবলে ১২ ঘণ্টার জন্য তার আবেদন মঞ্জুর করা হয়।
দীপু মনির আইনজীবী গাজী ফয়সল জানান, তারা চার দিনের জন্য প্যারোলে মুক্তির আবেদন করেছিলেন। তবে জেলা প্রশাসনের ক্ষমতাবলে ১২ ঘণ্টার জন্য মুক্তির অনুমতি দেওয়া হয়েছে।
তিনি জানান, আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টার জন্য মুক্তি পাবেন দীপু মনি।
মুক্তির পর তিনি রাজধানীর কলাবাগানে যাবেন। সেখানে তৌফিক নেওয়াজের মরদেহ রাখা হবে। আইনজীবী জানান, ওই বাড়িতেই দীপু মনির সঙ্গে তৌফিক নেওয়াজের প্রথম দেখা হয়েছিল। পরে তার মরদেহ বনানী কবরস্থানে দাফনের প্রস্তুতি রয়েছে।
এর আগে বুধবার দুপুর ১২টার দিকে মেয়ে তানী দীপাবলি কারাগারে গিয়ে মায়ের সঙ্গে দেখা করেন। পরে তিনি জেলা প্রশাসনের কাছে প্যারোলে মুক্তির আবেদন করেন।