৩৫ বছর পর আজ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, মুখোমুখি ফখরুল-অলি
দীর্ঘ প্রায় ৩৫ বছর পর আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৩৪৯ জন সংসদ সদস্যের ভোটে নির্বাচিত হবেন দেশের ২৩তম রাষ্ট্রপতি।
এবার রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী অলি আহমদ।
ভোটগ্রহণের জন্য সংসদ কক্ষে তিনটি স্বচ্ছ ব্যালট বাক্স রাখা হবে। সংসদ সদস্যরা নির্ধারিত পদ্ধতিতে ভোট দিয়ে ব্যালট বাক্সে তা জমা দেবেন। ভোটগ্রহণ শেষে সংসদ কক্ষেই ব্যালট গণনা করা হবে।
ব্যালট গণনা শেষে নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ফলাফল ঘোষণা করবেন। পরে বৃহস্পতিবারই নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ নেওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, ১৯৯১ সালে সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর একই বছর রাষ্ট্রপতি নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্যরা ভোট দেন। এরপর টানা সাতজন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এবার দ্বিতীয়বারের মতো সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন।