রাষ্ট্রপতি নির্বাচনে গাজী নজরুলের ভোট নিয়ে কৌতূহল
দীর্ঘ ৩৫ বছর পর দেশে দ্বিতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলছে। ৩৪৯ সংসদ সদস্য ভোট দেওয়ার সুযোগ পেলেও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ভোট দেবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল।
জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত এই সংসদ সদস্য জানিয়েছেন, ভোট দেওয়ার সুযোগ থাকলেও তিনি এখনো সিদ্ধান্ত নেননি। ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন কি না কিংবা ভোট দিলে কাকে দেবেন—কোনোটিই চূড়ান্ত করেননি তিনি।
গণমাধ্যমকে গাজী নজরুল ইসলাম বলেন, জামায়াতে ইসলামী থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। এরপরও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ রয়েছে। তবে তিনি ভোট দিতে যাবেন কি না এবং কাকে ভোট দেবেন, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি।
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জাতীয় সংসদের ৩৫০টি আসনের মধ্যে চট্টগ্রাম-৪ আসন শূন্য থাকায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার রয়েছেন ৩৪৯ জন সংসদ সদস্য। দলীয় সংসদ সদস্য না হওয়ায় গাজী নজরুল ইসলামসহ আটজন স্বতন্ত্র সংসদ সদস্য নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এরই মধ্যে বিএনপির প্রার্থীর পক্ষে স্বতন্ত্র সংসদ সদস্যদের কাছে ভোট চাওয়া হয়েছে বলে জানা গেছে।
নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী, আজ দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে বিরতিহীনভাবে ভোটগ্রহণ হবে। সংসদ সদস্যরা ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এ অবস্থায় রাষ্ট্রপতি নির্বাচনে গাজী নজরুল ইসলাম শেষ পর্যন্ত ভোট দেবেন কি না, তা নিয়ে ভোটগ্রহণ শেষ হওয়া পর্যন্ত কৌতূহল থাকছে।