শুক্রবার , ২১ আগস্ট ২০২৬
শুক্রবার , ২১ আগস্ট ২০২৬
হোমজাতীয়রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য

favicon
ভোরের আলো ডেস্ক:
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য

বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত নির্বাচনে তিনি পেয়েছেন ২৫৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। অধিকাংশ সংসদ সদস্য ভোট দিলেও ছয়জন ভোটাধিকার প্রয়োগ করেননি।


ভোটগ্রহণ শেষে জানা যায়, এই ছয় সংসদ সদস্য ভোটকেন্দ্রে উপস্থিত ছিলেন না। তারা হলেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস, কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপি সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা, সাতক্ষীরা-৪ আসনের জামায়াত থেকে নির্বাচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম এবং সিলেট-৫ আসনের জামায়াত জোটের খেলাফত মজলিসের সংসদ সদস্য মুফতি আবুল হাসান।


সংসদ সূত্রে জানা গেছে, মির্জা আব্বাস দীর্ঘদিন ধরে অসুস্থতাজনিত কারণে চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করছেন। এ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে তিনি ভোট দিতে পারেননি।


অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিতর্কিত ভিডিওকে কেন্দ্র করে গাজী নজরুল ইসলামকে ইতোমধ্যে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। তবে রাষ্ট্রপতি নির্বাচনে তার অনুপস্থিত থাকার কারণ সম্পর্কে পৃথক কোনো তথ্য জানা যায়নি।


স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার দুই প্রার্থীর যেকোনো একজনকে ভোট দেওয়ার সুযোগ ছিল। তবে ভোটগ্রহণ শেষ হওয়ার আগে তাকে ভোটকক্ষে দেখা যায়নি।


এদিকে খেলাফত মজলিসের সংসদ সদস্য মুফতি আবুল হাসান লন্ডনে এবং ড. মুহাম্মদ ওসমান ফারুক যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ওসমান ফারুকের ব্যক্তিগত সহকারী টুটুল জানান, সংসদ অধিবেশন শেষ হওয়ার পর দল থেকে ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে যান তিনি।


দীর্ঘ ৩৫ বছর পর বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর ২টায় শুরু হয়ে বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হয়। মোট ৩৪৯ জন সংসদ সদস্য এ নির্বাচনে ভোটার ছিলেন।


সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, দলীয় সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বিপক্ষে ভোট দেওয়ার সুযোগ নেই। তবে স্বতন্ত্র সংসদ সদস্যরা দুই প্রার্থীর যেকোনো একজনকে ভোট দিতে পারেন।


নির্বাচনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম), ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের ভোট দেওয়ার মধ্য দিয়ে ভোটগ্রহণ শুরু হয়। এরপর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দেন।


রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা করেন নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।