‘তাড়াহুড়া নয়’, জাতীয় স্বার্থে অগ্রগতি হলে ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রী পর্যায়ে ভারত সফর নিয়ে কোনো তাড়াহুড়া নেই বলে জানিয়েছেন নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, আলোচনায় অগ্রগতি হলে এবং জাতীয় স্বার্থ নিশ্চিত করে উপযুক্ত সময়েই ভারত সফর করা হবে।
শনিবার (২২ আগস্ট) সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
হুমায়ুন কবির বলেন, ভারতের সঙ্গে ইতিবাচক ও কার্যকর সম্পর্ক বজায় রাখতে চায় বাংলাদেশ। তবে কোনো দেশের সঙ্গেই জাতীয় স্বার্থের সঙ্গে আপস করে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে না।
ভারত সফরের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, আলোচনার ভিত্তিতে কিছুটা অগ্রগতি হলে এবং জাতীয় স্বার্থের বিষয়গুলো নিশ্চিত হলে অবশ্যই ভারত সফর করা হবে। তবে এর জন্য উপযুক্ত সময়ের অপেক্ষা করা হবে। ভারত বাংলাদেশের প্রতিবেশী দেশ উল্লেখ করে তিনি বলেন, দুই দেশের মধ্যে একটি কার্যকর ও ইতিবাচক সম্পর্ক থাকা প্রয়োজন।
শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তার বিরুদ্ধে একাধিক মামলার বিচারিক প্রক্রিয়ার ফল এসেছে এবং আরও কিছু মামলা বিচারাধীন রয়েছে। ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে, তাই তাকে ফিরিয়ে আনার বিষয়টি নতুন কোনো শর্ত বা নতুন ধরনের সম্পৃক্ততার বিষয় নয়; এটি একটি চলমান প্রক্রিয়া।
ভারতে অবস্থানরত শেখ হাসিনাসহ অন্য অপরাধীদের দেশে ফিরিয়ে আনার বিষয়টি বাংলাদেশের মানুষের প্রত্যাশার সঙ্গে জড়িত বলেও মন্তব্য করেন হুমায়ুন কবির। তিনি বলেন, আরও কিছু অপরাধী ভারতে পালিয়ে অবস্থান করছেন। তাদের ফিরিয়ে আনার বিষয়টি বাংলাদেশের মানুষের স্বাভাবিক দাবি ও অনুভূতির সঙ্গে সম্পৃক্ত। তাই এই প্রক্রিয়াকে অগ্রাধিকার দিয়েই ভারতের সঙ্গে যোগাযোগ করা হবে।
প্রধানমন্ত্রী পর্যায়ের সফর নিয়ে তাড়াহুড়ো না করার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, জাতীয় স্বার্থের ভিত্তিতে যদি আগামীকালই কোনো ঐকমত্যে পৌঁছানো যায়, তাহলে আগামী সপ্তাহেও সফর হতে পারে। আবার প্রয়োজন হলে পরের সপ্তাহেও হতে পারে। এখানে কোনো তাড়াহুড়ো নেই।
প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠকের আগে প্রয়োজনীয় প্রস্তুতি ও আলোচনা জরুরি উল্লেখ করে তিনি বলেন, দুই দেশের সরকারপ্রধানের বৈঠকের আগে বেশ কিছু বিষয়ে আলোচনা ও প্রস্তুতি প্রয়োজন। হুট করে প্রধানমন্ত্রী পর্যায়ের সফর আয়োজন করা যায় না।
ভারতের পক্ষ থেকেও ইতিবাচক মনোভাবের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, ভারত থেকেও ইতিবাচক মনোভাব ও সদিচ্ছার ইঙ্গিত আসছে।