পড়াশোনা ছেড়ে দিলে বাতিল হতে পারে শিক্ষার্থী ভিসা: মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের পড়াশোনা ছেড়ে দেওয়া, নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকা কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে অধ্যয়ন কর্মসূচি থেকে সরে গেলে শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে বলে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস।
শনিবার (২২ আগস্ট) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা জানায় দূতাবাস।
বার্তায় বলা হয়, কোনো শিক্ষার্থী পড়াশোনা ছেড়ে দিলে, ক্লাসে অনুপস্থিত থাকলে অথবা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে নিজের অধ্যয়ন কর্মসূচি থেকে সরে দাঁড়ালে তার শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে। একই সঙ্গে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার যোগ্যতাও হারানোর ঝুঁকি রয়েছে।
সম্ভাব্য জটিলতা এড়াতে শিক্ষার্থীদের সবসময় ভিসার শর্ত মেনে চলা এবং বৈধ শিক্ষার্থী অবস্থান বজায় রাখার আহ্বান জানিয়েছে মার্কিন দূতাবাস।
মার্কিন দূতাবাসের ভিসা-সংক্রান্ত তথ্যও শিক্ষার্থীদের ভিসার শর্ত ও সংশ্লিষ্ট নিয়ম মেনে চলার গুরুত্ব তুলে ধরে।