তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন জহির উদ্দিন স্বপন। পদত্যাগের পর তাকে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
শনিবার (২২ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।
একটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। তার পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।
অন্য প্রজ্ঞাপনে জানানো হয়, ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর রুল ৩বি(১) ও ৩বি(২) অনুযায়ী জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে তিনি মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।
এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের ছয় মাস পূর্তির সময়ে মন্ত্রিসভায় সম্প্রসারণের পাশাপাশি রদবদলও করা হয়েছে। শুক্রবার নতুন করে পাঁচজন মন্ত্রিসভায় যুক্ত হন। তাদের মধ্যে মন্ত্রী হিসেবে শপথ নেওয়া ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
ফলে জহির উদ্দিন স্বপনের স্থলাভিষিক্ত হয়েছেন আন্দালিভ রহমান পার্থ।