সোমবার , ২৪ আগস্ট ২০২৬
সোমবার , ২৪ আগস্ট ২০২৬
হোমরাজনীতিআয়-ব্যয়ের হিসাব দেয়নি এনসিপিসহ ৭ দল, ব্যবস্থা নেবে ইসি

আয়-ব্যয়ের হিসাব দেয়নি এনসিপিসহ ৭ দল, ব্যবস্থা নেবে ইসি

favicon
ভোরের আলো ডেস্ক:
আয়-ব্যয়ের হিসাব দেয়নি এনসিপিসহ ৭ দল, ব্যবস্থা নেবে ইসি

নির্ধারিত সময়ে বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দেয়নি জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) নিবন্ধিত সাতটি রাজনৈতিক দল। এসব দলের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।


ইসি সূত্রে জানা গেছে, নিবন্ধিত ৫৯টি রাজনৈতিক দলের মধ্যে ৩৮টি নির্ধারিত সময়ের মধ্যে ২০২৫ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে। ১৩টি দল সময় বাড়ানোর আবেদন করেছে। জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) পরে গত ১৩ আগস্ট হিসাব জমা দেয়। আর বাকি সাতটি দল হিসাব জমা দেওয়ার পাশাপাশি সময় বাড়ানোর আবেদনও করেনি।


হিসাব জমা না দেওয়া সাত দলের মধ্যে তিনটি নতুন নিবন্ধিত দল—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জনতার দল ও আমজনতার দল। অন্য চারটি হলো বাংলাদেশ জাসদ, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, তৃণমূল বিএনপি ও বাংলাদেশ সুপ্রিম পার্টি।


এর মধ্যে এনসিপি গত বছরের ১৯ নভেম্বর নিবন্ধন পায়। আগের পঞ্জিকাবর্ষে দলটির কার্যক্রম ছিল এক মাস ২১ দিন। দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, আয়-ব্যয়ের হিসাব জমা দিতে কিছুটা দেরি হয়েছিল। তার জানা মতে, সংশ্লিষ্ট নেতারা ইসিতে হিসাব পাঠিয়ে দিয়েছেন।


গত বছরের ২১ ডিসেম্বর নিবন্ধন পাওয়া আমজনতার দলের আগের পঞ্জিকাবর্ষে কার্যক্রম ছিল মাত্র ১০ দিন। দলটির সাধারণ সম্পাদক তারেক রহমান জানান, নিরীক্ষা প্রতিবেদন জমা দেওয়ার আইনি বাধ্যবাধকতার বিষয়ে তারা অবগত। প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হয়েছে এবং দলের স্বল্প সময়ের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার প্রস্তুতি চলছে।


এদিকে ১১ ডিসেম্বর নিবন্ধিত জনতার দলকেও আইন অনুযায়ী নির্ধারিত সময়ের হিসাব জমা দিতে হবে। দলটির মহাসচিব আজম খান জানান, তারা নিয়ম-কানুন সম্পর্কে অবগত থাকলেও ইসি থেকে কোনো আনুষ্ঠানিক চিঠি পাননি।


এর আগে ৭ জুলাই ইসিতে নিবন্ধিত ৬০টি রাজনৈতিক দলের মধ্যে আওয়ামী লীগ ছাড়া ৫৯টি দলকে ৩১ জুলাইয়ের মধ্যে ২০২৫ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটি এই নির্দেশের আওতায় ছিল না। ৩১ জুলাই সরকারি ছুটি থাকায় হিসাব জমা দেওয়ার সময় পরবর্তী প্রথম কার্যদিবস ২ আগস্ট পর্যন্ত বাড়ে।


বিধি অনুযায়ী, আগের পঞ্জিকাবর্ষের বার্ষিক আর্থিক প্রতিবেদন ৩১ জুলাইয়ের মধ্যে জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। আর গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ৯০(এইচ) ধারা অনুযায়ী, কোনো রাজনৈতিক দল টানা তিন বছর প্রয়োজনীয় তথ্য দিতে ব্যর্থ হলে তাদের নিবন্ধন বাতিল হতে পারে।


অন্যদিকে সময় বাড়ানোর আবেদন করা ১৩টি দলকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছে ইসি।


ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, প্রতিবেদন জমা না দেওয়া দলগুলো আইন লঙ্ঘন করছে। তাদের আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।