সাংবিধানিক প্রক্রিয়া মেনেই স্থানীয় সরকার নির্বাচন: এলজিআরডিমন্ত্রী
সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নতুন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান।
রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, সরকারের নীতিমালা অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। স্থানীয় সরকারের পাঁচটি ধাপে জনগণের অভিপ্রায়কে গুরুত্ব দিয়ে নির্বাচন আয়োজন করা হবে।
তিনি আরও বলেন, মন্ত্রণালয়ের প্রত্যেক কর্মকর্তাকে জবাবদিহির আওতায় থাকতে হবে। কোনো পর্যায়ে অনিয়ম বা দুর্নীতির ঘটনা ঘটলে সংশ্লিষ্ট বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এলজিআরডি মন্ত্রণালয় সঠিকভাবে কার্যক্রম পরিচালনা করতে পারলে দেশের সার্বিক ব্যবস্থাপনাও আরও কার্যকর হবে বলে মন্তব্য করেন মন্ত্রী।
পাশাপাশি দেশের দরিদ্র মানুষের প্রয়োজন পূরণে মন্ত্রণালয়কে আরও গুরুত্ব দিয়ে কাজ করার কথাও জানান ড. আব্দুল মঈন খান।