সংকটের মধ্যেও জনগণের প্রতি সরকার দায়বদ্ধ: রিজভী
দেশের নানা সংকটের মধ্যেও সরকার জনগণের প্রতি দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (২৩ আগস্ট) বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, বর্তমান সংকটের অন্যতম কারণ প্রাকৃতিক ও বৈশ্বিক পরিস্থিতি। চলমান যুদ্ধের কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে, যার প্রভাব দেশের গ্যাস ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ ব্যবস্থায় পড়েছে।
তিনি বলেন, এর প্রভাবে গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের সংকট দেখা দিয়েছে। কোথাও কোথাও গ্যাসের চাপ কমে যাওয়ায় কলকারখানার কার্যক্রমও ব্যাহত হয়েছে।
রিজভী জানান, মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে যে ত্রুটি দেখা দিয়েছিল, তা ইতোমধ্যে সম্পূর্ণভাবে মেরামত করা হয়েছে। এলএনজিবাহী কার্গোও এসে পৌঁছেছে এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে কমে যাওয়া গ্যাসের চাপ আবার বাড়তে শুরু করেছে। একই সঙ্গে লোডশেডিংও অনেকটা কমে এসেছে।
বিএনপির এই নেতা বলেন, সংকটের মধ্যেও সরকার জনগণের সামাজিক সুরক্ষা কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করছে। সরকারের প্রতিটি কর্মকাণ্ডে জবাবদিহিতা নিশ্চিত করা হবে এবং গণমাধ্যমের মাধ্যমেও সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে।