সরকারের কর্মকাণ্ড বিশ্বাসযোগ্যভাবে জনগণের কাছে পৌঁছানো গণমাধ্যমের দায়িত্ব: তথ্যমন্ত্রী
সরকারের সব কর্মকাণ্ড জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরতে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ।
রোববার (২৩ আগস্ট) সকালে সচিবালয়ে নতুন তথ্যমন্ত্রীকে ফুল দিয়ে বরণ এবং মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে অবহিত করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আন্দালিভ রহমান পার্থ বলেন, সবাইকে নিয়েই গণতন্ত্র। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমও এর বাইরে নয়। সরকারের কর্মকাণ্ড জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং সেগুলো বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরা গণমাধ্যমের পাশাপাশি তথ্য মন্ত্রণালয়েরও গুরুত্বপূর্ণ দায়িত্ব।
তিনি বলেন, দেশের ইতিহাস, ঐতিহ্য, সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধ এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখা সবার দায়িত্ব। বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে এসে মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি গড়ে তুলতে হবে।
গত ১৭ বছরে গণমাধ্যমের ওপর বিভিন্ন ধরনের নিয়ন্ত্রণ ছিল দাবি করে তথ্যমন্ত্রী বলেন, অনেক ক্ষেত্রে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ সীমিত করা হয়েছিল। এরপরও প্রতিকূলতার মধ্যে গণমাধ্যম দেশের বিভিন্ন অনিয়ম, নির্যাতন ও গণতন্ত্রের সংকটের খবর জনগণের সামনে তুলে ধরেছে।
জুলাই আন্দোলনে গণমাধ্যম ও সাংবাদিকদের ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি। আন্দালিভ রহমান পার্থ বলেন, ওই আন্দোলনে সংবাদমাধ্যম ও সাংবাদিকদের অবদান কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই।
তথ্য মন্ত্রণালয়ের কাজ গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা নয় উল্লেখ করে তিনি বলেন, নিয়মনীতি মেনে গণমাধ্যমের সঙ্গে সমন্বয় করে কাজ করাই মন্ত্রণালয়ের দায়িত্ব।
তথ্যমন্ত্রী বলেন, গত ১৭ বছরে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবস্থায় যে ক্ষতি হয়েছে, তা মেরামত করে নতুন ব্যবস্থা গড়ে তুলতে সময় লাগবে। তবে অতীতের ভুলের যেন পুনরাবৃত্তি না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, জনগণ ভোট দিয়ে সরকারকে দায়িত্ব দিয়েছে। তাই সরকার কী করছে এবং কেন করছে—তা জানার অধিকার জনগণের রয়েছে। জনগণের স্বার্থ রক্ষা এবং সরকারের কর্মকাণ্ড সঠিকভাবে তাদের কাছে পৌঁছে দেওয়াই সংশ্লিষ্টদের অন্যতম দায়িত্ব।
সরকারের কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরতে গণমাধ্যম ও তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার ওপরও গুরুত্ব দেন তথ্যমন্ত্রী।