মঙ্গলবার , ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ২৫ আগস্ট ২০২৬
হোমআইন ও আদালতআছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ

আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ

favicon
ভোরের আলো ডেস্ক:
আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ

মাগুরার আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মঙ্গলবার। মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষে রায়ের জন্য এ দিন ধার্য করা হয়।


গত রোববার (২৩ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে মামলাটির শুনানি শেষ হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর অগ্রাধিকার ভিত্তিতে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী।


এর আগে ২০২৫ সালের ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেন। একই রায়ে অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়।


মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের মার্চে মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণ ও নির্যাতনের শিকার হয় শিশু আছিয়া। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মাগুরা ও পরে ফরিদপুরের হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয় তাকে।


চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ সিএমএইচে মারা যায় আছিয়া। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় নিম্ন আদালতের রায়ের পর হাইকোর্টে আসে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিল।