আজ সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে আজ মঙ্গলবার (২৫ আগস্ট) থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে শুরু হচ্ছে ১৫ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান। পক্ষকালব্যাপী এ আয়োজনের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। ইসলামিক ফাউন্ডেশন ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে উদ্বোধনী অনুষ্ঠান হবে।
ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিরাতুন্নবী (সা.) উপলক্ষে ১৫ দিনব্যাপী আয়োজনে প্রতিদিন নানা কর্মসূচি থাকবে। এর মধ্যে রয়েছে ওয়াজ-মাহফিল, কিরাত মাহফিল, হামদ-নাত, বিষয়ভিত্তিক সেমিনার, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও ইসলামী ক্যালিগ্রাফি প্রদর্শনী।
ইসলামিক ফাউন্ডেশন ও বাংলাদেশ বেতারের যৌথ উদ্যোগে বিষয়ভিত্তিক সেমিনারের আয়োজন করা হবে। সেমিনারগুলো বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে।
তরুণ প্রজন্মকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শের সঙ্গে পরিচিত করতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদরাসার শিক্ষার্থীদের জন্য ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পাশাপাশি মহানবী (সা.)-এর শানে স্বরচিত কবিতা পাঠের মাহফিলও অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে বিশেষ সিরাত স্মরণিকা ও ক্রোড়পত্র প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, ২৫ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বাদ মাগরিব থেকে রাত ১০টা পর্যন্ত বায়তুল মোকাররমের পূর্ব সাহানে দেশের বিশিষ্ট ওলামায়ে কেরাম ও পীর-মাশায়েখরা ওয়াজ-নসিহত করবেন।
এ ছাড়া বায়তুল মোকাররমের পূর্ব ও দক্ষিণ চত্বরে মাসব্যাপী ইসলামী বইমেলার আয়োজন করা হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মহানবী (সা.)-এর আদর্শ ও সুন্নাহ অনুসরণের মাধ্যমে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে নৈতিকতা, মানবিকতা, সহনশীলতা ও শান্তির চেতনা প্রতিষ্ঠার ওপর এসব আয়োজনে গুরুত্ব দেওয়া হবে।
ইসলামিক ফাউন্ডেশন ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ধর্মপ্রাণ মুসল্লিদের এসব অনুষ্ঠান ও বইমেলায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।