ছয় দাবিতে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য
গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারের সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চের ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্য। পর্যায়ক্রমে দেশের সব বিভাগীয় শহরেও এ কর্মসূচি পালন করা হবে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে রাজধানীর দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জোটের কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি জানান, ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় ঢাকার শাপলা চত্বরে জোটের নেতাকর্মীরা সমবেত হবেন। পরে সেখান থেকে চট্টগ্রামের উদ্দেশে লংমার্চ শুরু হবে। পথে বিভিন্ন স্থানে সভা-সমাবেশও করবে ১১ দলীয় ঐক্য। এতে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, লংমার্চকে কেন্দ্র করে মহাসড়কে কিছুটা যানজট সৃষ্টি হতে পারে। এ কারণে আগাম দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন তিনি।
তিনি আরও জানান, কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি কর্মসূচি সফলভাবে পালনে ক্ষমতাসীন দল বিএনপিরও সহযোগিতা কামনা করেন জামায়াতের এই নেতা।