বুধবার , ২৬ আগস্ট ২০২৬
বুধবার , ২৬ আগস্ট ২০২৬
হোমরাজনীতিসংসদ ও সংসদের বাইরে বিরোধীদল বৈষম্যের শিকার: ডা. শফিকুর রহমান

সংসদ ও সংসদের বাইরে বিরোধীদল বৈষম্যের শিকার: ডা. শফিকুর রহমান

favicon
ভোরের আলো ডেস্ক:
সংসদ ও সংসদের বাইরে বিরোধীদল বৈষম্যের শিকার: ডা. শফিকুর রহমান

বিরোধীদল হিসেবে প্রাপ্য অধিকারের বড় একটি অংশ থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার দাবি, সংসদের ভেতর ও বাইরে বিভিন্ন ক্ষেত্রে বিরোধীদল বৈষম্যের শিকার হচ্ছে।


মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয় প্রথমবারের মতো পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।


ডা. শফিকুর রহমান বলেন, ‘ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি সময় জাতি হিসেবে পার করছি। বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের যে যাত্রা শুরু হয়েছিল, সেই স্বপ্নভঙ্গ হয়েছে। নির্বাচন নিয়ে নানা প্রশ্ন থাকলেও দেশের স্বার্থে বিরোধীদল ভোটের ফল মেনে নিয়েছে। কিন্তু সরকার পদে পদে বিরোধীদল ও দেশের মানুষের সঙ্গে বৈষম্য করছে। বিরোধীদল হিসেবে এই বৈষম্য মেনে নেওয়া হবে না।’


তিনি আরও বলেন, সংসদ ও সংসদের বাইরে বিরোধীদল বঞ্চিত হচ্ছে। দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরকারি দলকে যে পরিমাণ বরাদ্দ দেওয়া হচ্ছে, তার তুলনায় বিরোধীদলকে খুবই নগণ্য বাজেট বরাদ্দ দেওয়া হচ্ছে। একইভাবে সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্যদের সঙ্গেও সরকার বৈষম্যমূলক আচরণ করছে বলে অভিযোগ করেন তিনি।


এ সময় গণভোটের রায় বাস্তবায়ন নিয়েও সরকারের সমালোচনা করেন জামায়াতে ইসলামীর আমির। তার অভিযোগ, নির্বাচনের আগে সরকার গণভোটের বিষয়ে সম্মত থাকলেও ভোটের পর তাদের অবস্থান পরিবর্তন করেছে।