বুধবার , ২৬ আগস্ট ২০২৬
বুধবার , ২৬ আগস্ট ২০২৬
হোমজাতীয়পুলিশের পাশাপাশি অন্য বাহিনীগুলোকেও জবাবদিহিতার আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের পাশাপাশি অন্য বাহিনীগুলোকেও জবাবদিহিতার আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

favicon
সাইফুল আলম মিরাজ
পুলিশের পাশাপাশি অন্য বাহিনীগুলোকেও জবাবদিহিতার আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি নেতৃত্বাধীন সরকারের ছয় মাসের সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো ঘটনার পর আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ হয়নি বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীকেও জবাবদিহিতার আওতায় আনা হবে।


বুধবার (২৬ আগস্ট) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি সরকারের ছয় মাস হয়েছে। এ সময়ে এমন কোনো ঘটনা ঘটেনি, যার পর আইনশৃঙ্খলা বাহিনী আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীকেও জবাবদিহিতার মধ্যে আনা হবে।


সম্প্রতি রংপুরের আলোচিত হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই ঘটনায় যৌক্তিক সময়ের মধ্যেই আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। অল্প সময়ের মধ্যে এর চেয়ে বেশি প্রত্যাশা করা ঠিক হবে না বলেও মন্তব্য করেন তিনি।


অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের মানুষ খেয়ে-পড়ে শান্তিতে বসবাস করতে চায়। বিএনপি সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী মানুষের এসব চাহিদা পূরণে কাজ করে যাচ্ছে।


তিনি আরও বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করলে সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। এ জন্য সবাইকে মহানবীর দেখানো পথে চলার আহ্বান জানান তিনি।