বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫ দিনের কর্মসূচি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
ঘোষিত কর্মসূচির মধ্যে আগামী ১ সেপ্টেম্বর সকাল ৯টায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ ছাড়া ৫ সেপ্টেম্বর আলোচনা সভার আয়োজন করা হবে। এতে দলের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উন্মুক্ত জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করবে বিএনপি।
সংবাদ সম্মেলনে রিজভী জানান, দিন-তারিখ চূড়ান্ত না হলেও শিগগিরই দলের কাউন্সিল অনুষ্ঠিত হবে। তিনি বলেন, জনগণের সঙ্গে বিএনপি সবসময় সততার পরিচয় দিয়ে এসেছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘অনেক সংগ্রাম ও শোক ধারণ করে বিএনপি এগিয়ে চলেছে। নিপীড়ন-অত্যাচারের মুখেও ফ্যাসিবাদীরা বিএনপিকে ন্যূনতম ক্ষতি বা আত্মসমর্পণ করাতে পারেনি।’
এ সময় শরীয়তপুরে সাংবাদিক নির্যাতনের ঘটনাটি দলের নজরে রয়েছে বলেও জানান রিজভী। তিনি বলেন, ঘটনাটি সত্য প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।