সালাহউদ্দিন আহমাদকে গুম: ট্রাইব্যুনালে জিয়াউল আহসান
২০১৫ সালে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমাদকে গুমের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত ১০ আগস্ট প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে হাজির করার নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। আজ এ মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখানোর আবেদন করবে প্রসিকিউশন।
গত বছর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে সালাহউদ্দিন আহমাদকে গুমের ঘটনায় অভিযোগ দেন তিনি। ওই অভিযোগে জিয়াউল আহসান ছাড়াও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশের সাবেক দুই মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও এ কে এম শহীদুল হক, ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া এবং সাবেক এসবিপ্রধান মনিরুল ইসলামসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, ২০১৫ সালের ১০ মার্চ রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে কয়েকজন ব্যক্তি সালাহউদ্দিন আহমাদকে তুলে নিয়ে যান। সে সময় তিনি বিএনপির যুগ্ম মহাসচিবের দায়িত্বে ছিলেন। তার স্ত্রী হাসিনা আহমাদ ওই সময় এ অভিযোগ করেছিলেন।
দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১১ আগস্ট দেশে ফেরেন সালাহউদ্দিন আহমাদ।