হরমুজ প্রণালি খোলা রয়েছে: মার্কিন দাবি ‘স্পষ্ট মিথ্যা’: আইআরজিসি
পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি খোলা রয়েছে—মার্কিন কর্মকর্তাদের এমন বক্তব্যকে ‘স্পষ্ট মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
শনিবার এক বিবৃতিতে আইআরজিসির নৌবাহিনী জানায়, হরমুজ প্রণালি খোলা থাকার বিষয়ে মার্কিন কর্মকর্তাদের বক্তব্যের উদ্দেশ্য হলো তেলের বাজারে দামের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখা এবং নিজেদের ব্যর্থতা আড়াল করা।
বিবৃতিতে বলা হয়, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথের ওপর ইরানের নিয়ন্ত্রণ সম্পূর্ণ রয়েছে। ইরানের সঙ্গে সমন্বয় ছাড়া হরমুজ প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচলের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি।
আইআরজিসি নৌবাহিনীর দাবি, ইরানের অনুমোদন ও সমন্বয় ছাড়া চলাচলকারী জাহাজের জন্য হরমুজ প্রণালি কার্যত বন্ধ রয়েছে। এ ক্ষেত্রে নিজেদের নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব প্রয়োগে কোনো ছাড় দেওয়া হবে না বলেও বিবৃতিতে জানানো হয়।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কথিত ‘শত্রুতামূলক কর্মকাণ্ড’ বন্ধ না হওয়া এবং নির্ধারিত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইআরজিসি।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হওয়ায় সেখানে চলাচল নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের পরস্পরবিরোধী বক্তব্য আন্তর্জাতিক জ্বালানি বাজার ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন করে উদ্বেগ তৈরি করতে পারে।