বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পে বিনিয়োগে আগ্রহী মারস্ক
বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পে সরাসরি বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম বৃহৎ শিপিং ও লজিস্টিক প্রতিষ্ঠান এপি মোলার-মারস্ক। একই সঙ্গে পুরনো জাহাজ পুনর্ব্যবহার বা শিপ রিসাইক্লিং খাতেও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) ঢাকায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূত ও মারস্কের প্রতিনিধিদের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার এবং এপি মোলার সিঙ্গাপুর পিটিই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রেনে পিল পেডারসেন উপস্থিত ছিলেন।
বৈঠকে ডেনমার্কের রাষ্ট্রদূত জানান, বাংলাদেশে জাহাজ নির্মাণ খাতে সরাসরি বিনিয়োগের সুযোগ খুঁজছে মারস্ক। বিশ্বের বিভিন্ন দেশে শিপিং ও লজিস্টিকস ব্যবসা পরিচালনাকারী প্রতিষ্ঠানটি বাংলাদেশের এ খাতে সম্ভাবনা দেখছে।
বাণিজ্যমন্ত্রী মারস্ককে জাহাজ নির্মাণের পাশাপাশি শিপ রিসাইক্লিং খাতেও বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, মারস্কের বিশ্বজুড়ে বড় জাহাজের বহর রয়েছে। এসব পুরনো জাহাজ আন্তর্জাতিক পরিবেশগত ও নিরাপত্তা মান বজায় রেখে পুনর্ব্যবহার করার ক্ষেত্রে বাংলাদেশ একটি সম্ভাবনাময় কেন্দ্র হয়ে উঠতে পারে।
মন্ত্রী আরও বলেন, নতুন জাহাজ নির্মাণের ক্ষেত্রেও বাংলাদেশের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। এ খাতে বিদেশি বিনিয়োগ এলে দেশের জাহাজ নির্মাণশিল্প আরও সম্প্রসারিত হওয়ার পাশাপাশি কর্মসংস্থান ও রপ্তানি আয়ের সুযোগও বাড়তে পারে।