‘ক্ষমতার স্বার্থে জামায়াত-আওয়ামী লীগ একতাবদ্ধ হয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে’
ক্ষমতার স্বার্থে জামায়াতে ইসলামী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ভবিষ্যতে একতাবদ্ধ হয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
রাশেদ খান বলেন, দেশে জ্বালানি সংকট চললেও প্রায় এক লাখ লিটার জ্বালানি তেল খরচ করে জামায়াতে ইসলামী লংমার্চ কর্মসূচি পালন করতে যাচ্ছে। তার দাবি, জামায়াতের ডাকা এই কর্মসূচিতে আওয়ামী লীগের নেতাকর্মীরাও যুক্ত হতে পারেন।
তিনি বলেন, ‘কর্মসূচি ডাকবে জামায়াত, আর তার মধ্যে ঢুকে পড়বে আওয়ামী লীগ।’ জামায়াতের সংসদ সদস্য আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্য বিশ্লেষণ করলে ভবিষ্যতে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে আওয়ামী লীগ ও জামায়াত একতাবদ্ধ হয়ে মাঠে নামতে পারে—এমন ইঙ্গিত পাওয়া যায় বলেও মন্তব্য করেন তিনি।
রাশেদ খানের অভিযোগ, আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মাঠে নামার সুযোগ তৈরি করে দিতেই জামায়াত লংমার্চের ঘোষণা দিয়েছে।
তিনি আরও বলেন, জাতীয় সংকটের সময়ে জ্বালানি সংকটের বিষয়টি তাদের কাছে মুখ্য নয়; তাদের কাছে ক্ষমতাই প্রধান বিষয়। জাতীয় সংকটকে কাজে লাগিয়ে জামায়াত লংমার্চে বিপুল পরিমাণ জ্বালানি তেল ব্যয় করতে যাচ্ছে বলেও দাবি করেন তিনি।
পোস্টের শেষ দিকে রাশেদ খান প্রশ্ন রাখেন—‘ক্ষমতা না জনতা?’