রবিবার , ৩০ আগস্ট ২০২৬
রবিবার , ৩০ আগস্ট ২০২৬
হোমজাতীয়সংসদ ভবনের সামনে শিক্ষিকা হত্যায় প্রধান সন্দেহভাজনসহ ২ জন গ্রেফতার

সংসদ ভবনের সামনে শিক্ষিকা হত্যায় প্রধান সন্দেহভাজনসহ ২ জন গ্রেফতার

favicon
ভোরের আলো ডেস্ক:
সংসদ ভবনের সামনে শিক্ষিকা হত্যায় প্রধান সন্দেহভাজনসহ ২ জন গ্রেফতার

রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইয়ের সময় স্কুলশিক্ষিকা রনজিনা পারভীন নিহত হওয়ার ঘটনায় প্রধান সন্দেহভাজন মো. পনি ওরফে প্যারা পনি ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।


রোববার (৩০ আগস্ট) বিকেলে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাবে র‍্যাব।


এর আগে শনিবার চোখের চিকিৎসার জন্য স্বামীর সঙ্গে বগুড়া থেকে ঢাকায় এসে ছিনতাইকারীদের কবলে পড়ে নিহত হন রনজিনা পারভীন। তিনি বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।


জানা গেছে, চিকিৎসকের পরামর্শে ফার্মগেট এলাকার ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাওয়ার জন্য শনিবার রাতে বগুড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন রনজিনা ও তার স্বামী। ভোরে তারা গাবতলী বাস টার্মিনালে পৌঁছান।


পরে রিকশায় করে হাসপাতালে যাওয়ার পথে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেল তাদের রিকশার কাছে আসে। মোটরসাইকেলে থাকা ব্যক্তিরা রনজিনার ব্যাগ ধরে টান দিলে তিনি রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


ঘটনার পর ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই ধারাবাহিকতায় রোববার প্রধান সন্দেহভাজন পনি ওরফে প্যারা পনি এবং তার এক সহযোগীকে গ্রেফতার করে র‍্যাব-২।