রবিবার , ৩০ আগস্ট ২০২৬
রবিবার , ৩০ আগস্ট ২০২৬
হোমরাজনীতি‘কর্মসূচি ডাকবে জামায়াত, তাতে ঢুকে পড়বে আওয়ামী লীগ’

‘কর্মসূচি ডাকবে জামায়াত, তাতে ঢুকে পড়বে আওয়ামী লীগ’

favicon
ভোরের আলো ডেস্ক:
‘কর্মসূচি ডাকবে জামায়াত, তাতে ঢুকে পড়বে আওয়ামী লীগ’

জ্বালানি সংকটের মধ্যে জামায়াতে ইসলামীর ঘোষিত লংমার্চ কর্মসূচি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে জামায়াতের কর্মসূচিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা যুক্ত হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।


সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন এসব মন্তব্য করেন। তিনি দাবি করেন, দেশের জ্বালানি সংকটের মধ্যেই প্রায় এক লাখ লিটার তেল খরচ করে জামায়াত লংমার্চ কর্মসূচি পালন করতে যাচ্ছে।


রাশেদ খাঁনের ভাষ্য, বর্তমান সরকারের বয়স সাত মাসে পড়তে না পড়তেই জামায়াত ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। তার দাবি, দলটি ক্ষমতায় যেতে না পারলেও রাষ্ট্রে অস্থিরতা ও অশান্তি সৃষ্টির সক্ষমতা রাখে।


তিনি বলেন, জামায়াত কর্মসূচি ঘোষণা করবে এবং সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢুকে পড়তে পারেন। এ বিষয়ে জামায়াতের সংসদ সদস্য আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্যের প্রসঙ্গও তুলে ধরেন তিনি।


রাশেদ খাঁনের দাবি, আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্য বিশ্লেষণ করলে ভবিষ্যতে আলোচনার ভিত্তিতে আওয়ামী লীগ ও জামায়াত একসঙ্গে মাঠে নামতে পারে বলে ধারণা করা যায়। তার মতে, আওয়ামী লীগকে মাঠে নামার সুযোগ তৈরি করতেই জামায়াত লংমার্চের ঘোষণা দিয়েছে।


তিনি আরও অভিযোগ করেন, ক্ষমতার স্বার্থে জামায়াত ও আওয়ামী লীগ একতাবদ্ধ হয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। তার দাবি, জাতীয় সংকটের চেয়ে তাদের কাছে ক্ষমতার বিষয়টিই বেশি গুরুত্বপূর্ণ।


জ্বালানি সংকটের মধ্যে লংমার্চ আয়োজনের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খাঁন। পোস্টের শেষ দিকে তিনি লেখেন—‘ক্ষমতা না জনতা!’