বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সহজীকরণে সহযোগিতা বাড়াতে চায় ইউএনডিপি
বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণ, ব্যবসা-বাণিজ্য সহজীকরণ, লজিস্টিকস ব্যয় কমানো এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এমএসএমই) সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।
রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সাক্ষাৎকালে ঢাকায় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস এ আগ্রহের কথা জানান।
বাণিজ্য মন্ত্রণালয় জানায়, রপ্তানি সক্ষমতা বাড়ানো এবং আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় বাংলাদেশের দক্ষতা উন্নয়নেও কাজ করতে চায় ইউএনডিপি।
ইউএনডিপির পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা ক্রমেই বাড়ছে। এই সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং ব্যবসায়িক কার্যক্রমে পরিবেশগত ও সামাজিক মান নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসার লাইসেন্স ও বিভিন্ন অনুমোদন প্রক্রিয়া সহজ করতে সরকার একাধিক উদ্যোগ নিয়েছে। আগে কোনো কোনো প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় তিন মাস সময় লাগলেও বর্তমানে তা দুই সপ্তাহের মধ্যে শেষ করা সম্ভব হচ্ছে।
বৈঠকে দেশের উচ্চ লজিস্টিকস ব্যয় কমানো এবং বন্দর ও টার্মিনাল ব্যবস্থাপনায় দক্ষতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানের ব্যবস্থাপনা নিশ্চিত করে পণ্য ওঠানো-নামানোর সময় ও ব্যয় কমানোর মাধ্যমে বাংলাদেশের বাণিজ্যিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
এমএসএমই খাতকে দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করে এ খাতে অর্থায়নের ঘাটতি চিহ্নিত করা, উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও ব্যবসায়িক দক্ষতা বাড়ানো এবং বাজারের সঙ্গে কার্যকর সংযোগ তৈরিতে ইউএনডিপির সহযোগিতা চান বাণিজ্যমন্ত্রী।