থার্ড টার্মিনাল চালু হলে বিমানবন্দরের আয় দ্বিগুণ হবে: মন্ত্রী
হযরত শাহজালাল আন্তর্জাতিক থার্ড টার্মিনাল চালু হলে বিমানবন্দরের আয় দ্বিগুণ হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
একই সঙ্গে বিমানের টিকিটের সিন্ডিকেট ও কালোবাজারি বন্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে বলেও জানান তিনি।
রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানান বিমানমন্ত্রী।
মন্ত্রী বলেন, টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও সিন্ডিকেটের সঙ্গে ট্রাভেল এজেন্সির সম্পৃক্ততা পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট এজেন্সির নিবন্ধন বাতিলসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
টিকিটের সিন্ডিকেট ও কালোবাজারি নিয়ন্ত্রণে ট্রাভেল এজেন্সি আইন এবং বেসামরিক বিমান চলাচল আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
গুম-খুনের শিকারদের স্বীকৃতি ও পুনর্বাসন
সংসদে মন্ত্রীদের প্রশ্নোত্তর পর্বে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান জানান, গত ১৭ বছরে বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের যেসব নেতাকর্মী গুম, খুন বা নির্যাতনের শিকার হয়েছেন, তাদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি ও পুনর্বাসনের উদ্যোগ নেবে সরকার।
জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশ ১৩তম
এদিকে, সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়ার এক প্রশ্নের লিখিত জবাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জানান, বৈশ্বিক জলবায়ু ঝুঁকির দিক থেকে বাংলাদেশ বর্তমানে বিশ্বের ১৩তম ঝুঁকিপূর্ণ দেশ।