সোমবার , ৩১ আগস্ট ২০২৬
সোমবার , ৩১ আগস্ট ২০২৬
হোমআইন ও আদালতআছিয়া ধর্ষণ-হত্যা: হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ

আছিয়া ধর্ষণ-হত্যা: হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ

favicon
ভোরের আলো ডেস্ক:
আছিয়া ধর্ষণ-হত্যা: হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ

মাগুরার আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর আজ সোমবার রায় ঘোষণা করবেন হাইকোর্ট।


বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন।


এর আগে গত ২৩ আগস্ট মামলাটিতে হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষ হয়। পরে ২৫ আগস্ট রায় ঘোষণার দিন পিছিয়ে ৩১ আগস্ট নির্ধারণ করা হয়।


মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের মার্চে মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে নির্যাতনের শিকার হয় শিশু আছিয়া। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে শিশুটির মৃত্যু হয়।


ঘটনার পর আছিয়ার মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ চার আসামিকেই গ্রেফতার করে। একই বছরের ১৩ এপ্রিল পুলিশ মামলাটির অভিযোগপত্র দাখিল করে। ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয় এবং ২৭ এপ্রিল থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মামলায় রাষ্ট্রপক্ষে মোট ২৯ জন সাক্ষ্য দেন।


পরবর্তীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একই রায়ে তাকে এক লাখ টাকা জরিমানাও করা হয়। তবে মামলার অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়।


এখন হাইকোর্টের রায়ে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল থাকে কি না, নাকি এতে পরিবর্তন আসে—সেদিকেই নজর সংশ্লিষ্টদের।