সোমবার , ৩১ আগস্ট ২০২৬
সোমবার , ৩১ আগস্ট ২০২৬
হোমজাতীয়বাংলাদেশে বোয়িং বিক্রির কথা জানালেন সার্জিও গর

বাংলাদেশে বোয়িং বিক্রির কথা জানালেন সার্জিও গর

favicon
ভোরের আলো ডেস্ক:
বাংলাদেশে বোয়িং বিক্রির কথা জানালেন সার্জিও গর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করে বাংলাদেশে বোয়িংয়ের উড়োজাহাজ বিক্রির চুক্তির কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।


রোববার (৩০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।


পোস্টে সার্জিও গর বলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্ট। তাঁর দাবি, ট্রাম্প উচ্চ বেতনের কর্মসংস্থান সৃষ্টি, ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ আকর্ষণ এবং মার্কিন অর্থনীতিকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করছেন।


বাংলাদেশের সঙ্গে সাম্প্রতিক একটি চুক্তির বিষয় উল্লেখ করে গর বলেন, চলতি সপ্তাহেই ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে। এর আওতায় বাংলাদেশ বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছে, যা দেশটির প্রাথমিক ক্রয়াদেশের তুলনায় অনেক বেশি।


এর আগে গত ৩০ জুলাই তিন দিনের সফরে ঢাকায় এসেছিলেন সার্জিও গর। সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন।


বোয়িংয়ের কাছ থেকে উড়োজাহাজ কেনার বিষয়ে গত এপ্রিলে চুক্তি করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। চুক্তি অনুযায়ী, ১৪টি উড়োজাহাজ কেনার কথা রয়েছে। এসব উড়োজাহাজ কিনতে ব্যয় হবে প্রায় ৩ দশমিক ৭ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৪৫ হাজার কোটি টাকার বেশি।


সার্জিও গর বর্তমানে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে গত বছরের আগস্ট থেকে তিনি ভারতে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্বেও রয়েছেন।