চোরাচালান, মাদকপাচার ও সীমান্ত হত্যা বন্ধে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান
দেশের সীমান্ত সুরক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কার্যক্রমের প্রশংসা করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে চোরাচালান, মাদকপাচার, পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধে বাহিনীকে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (৩১ আগস্ট) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। এ সময় রাষ্ট্রপতি এসব কথা বলেন।
সাক্ষাতের শুরুতে বিজিবি মহাপরিচালক রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় তাকে আন্তরিক অভিনন্দন জানান। পরে তিনি বিজিবির সার্বিক কার্যক্রম এবং সীমান্তে নজরদারি জোরদারে অত্যাধুনিক ড্রোন ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপতি বলেন, সীমান্তে চোরাচালান, মাদক ও মানবপাচার প্রতিরোধে বিজিবির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত সুরক্ষায় বাহিনীটির সদস্যরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
সীমান্তে নজরদারি বাড়াতে বিজিবিতে অত্যাধুনিক প্রযুক্তি সংযোজনের উদ্যোগেরও প্রশংসা করেন রাষ্ট্রপতি। এ ক্ষেত্রে বাহিনীকে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
রাষ্ট্রপতি একই সঙ্গে চোরাচালান, মাদকপাচার, পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধে বিজিবিকে আরও কার্যকর ও সতর্ক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।