সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগ নেত্রী কেয়া ২ দিনের রিমান্ডে
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস অ্যান্ড সিরামিকস শাখার সাবেক সহসভাপতি জান্নাতুল ফেরদৌস কেয়াকে দুই দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
সোমবার (৩১ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালত শুনানি শেষে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক মো. মাসুদুর রহমান কেয়াকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন।
মামলার রিমান্ড আবেদনে বলা হয়, গত ১৮ জুন সকাল ৯টা ৫০ মিনিটের দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার শহীদ তাজউদ্দীন আহমদ সরণির মহাখালী বাস টার্মিনালসংলগ্ন ইউটার্নে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মিছিল করেন। এ সময় বিভিন্ন স্লোগান দেওয়ার পাশাপাশি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
তদন্তে কেয়াকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় নেত্রী এবং আওয়ামী লীগের একটি টেলিগ্রাম গ্রুপের সক্রিয় সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে।
রিমান্ড আবেদনে আরও বলা হয়, এ মামলায় আগে গ্রেপ্তার হওয়া আসামিদের হেফাজত থেকে বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার, বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
মামলার ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তার এবং ককটেলের উৎস সম্পর্কে তথ্য জানতে কেয়াকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে তদন্ত কর্মকর্তা আদালতকে জানান। শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।