থার্ড টার্মিনালে পিকআপ দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে দায়িত্ব পালনকালে বাংলাদেশ বিমানবাহিনীর একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভার থেকে নিচে পড়ে তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার সদস্য।
সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।
নিহতরা হলেন—বাংলাদেশ বিমানবাহিনীর ওয়ারেন্ট অফিসার মাহমুদ, কর্পোরাল পিয়াস এবং এলএসি জুবাইদুল।
আইএসপিআর জানায়, সোমবার রাতে নিয়মিত দায়িত্ব পালনের সময় বিমানবাহিনীর একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে থার্ড টার্মিনালের দ্বিতীয় তলায় অবস্থিত ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বিমানবাহিনীর তিন সদস্য নিহত হন এবং আরও চার সদস্য আহত হন।
দুর্ঘটনার পরপরই আহতদের প্রয়োজনীয় চিকিৎসার জন্য এবং নিহতদের পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।