স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে জামায়াতের ৯ দফা দাবি
স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণের সুযোগ বহাল রাখা এবং নির্বাচনী প্রচারণায় মন্ত্রী-এমপিদের বিরত রাখাসহ নির্বাচন কমিশনের (ইসি) কাছে ৯ দফা দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের বৈঠক শেষে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের এসব কথা জানান।
তিনি অভিযোগ করেন, সিটি করপোরেশন ও জেলা প্রশাসনে প্রশাসক নিয়োগের মাধ্যমে সরকার নির্বাচনের আগে নিজেদের জন্য মাঠ তৈরি করছে। তাই এসব প্রশাসককে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে অযোগ্য ঘোষণা করার দাবি জানিয়েছে জামায়াত।
গোলাম পরওয়ার জানান, তাদের কয়েকটি দাবি ইতোমধ্যে ইসি মেনে নিয়েছে। তবে কিছু দাবি এখনও গ্রহণ করা হয়নি। তিনি বলেন, নির্বাচন বর্জনের মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি এবং ইসির প্রতি তাদের আস্থা রয়েছে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও অভিযোগ করেন, সরকারি চাপের কারণে ইসির কিছুটা অসহায়ত্ব রয়েছে। তাদের দাবিগুলো পূরণ না হলে নির্বাচন সুষ্ঠু হবে না বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে ১১ দলীয় ঐক্য শুধু জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে গঠিত হয়েছে বলে জানান গোলাম পরওয়ার। স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে জোটের শরিক দলগুলোর সঙ্গে কোনো ধরনের সংঘাত তৈরি হবে না বলেও উল্লেখ করেন তিনি।