বিএনপির ৪৮ বছরের ৪৮ অর্জন তুলে ধরলেন উপদেষ্টা মাহ্দী আমিন
বিএনপির দীর্ঘ পথচলায় অর্জন ও সাফল্যের তালিকা ‘বিশাল, ব্যাপক ও বিস্তৃত’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। এর মধ্য থেকে নিজের পর্যবেক্ষণ ও উপলব্ধির ভিত্তিতে দলটির ৪৮ বছরের ৪৮টি উল্লেখযোগ্য অর্জন তুলে ধরেছেন তিনি।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে এসব অর্জনের তালিকা প্রকাশ করেন মাহ্দী আমিন।
তিনি লিখেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি এবং বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক আদর্শ ধারণ করে তারেক রহমানের নেতৃত্বে দলটি একটি ‘গতিশীল, প্রযুক্তিনির্ভর ও ভবিষ্যৎমুখী’ শক্তিতে পরিণত হয়েছে।
মাহ্দী আমিনের তালিকায় বিএনপির উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে—‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ দর্শনের প্রবর্তন, জিয়াউর রহমানের ১৯ দফা, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, স্বাধীন পররাষ্ট্রনীতি, সংবাদপত্রের স্বাধীনতা, ওআইসি ও মুসলিম বিশ্বে বাংলাদেশের নেতৃত্ব জোরদার, দেশব্যাপী খাল কাটা কর্মসূচি, রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প ও বিদেশে জনশক্তি রপ্তানির সূচনা।
তালিকায় আরও রয়েছে বাংলাদেশ শিশু একাডেমি, শিশুপার্ক ও নতুন কুঁড়ি প্রতিষ্ঠা, স্বাধীনতা পদক ও একুশে পদক প্রবর্তন, স্বনির্ভর গ্রাম সরকার, ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও ভিডিপি গঠন, গণশিক্ষা কার্যক্রম এবং মুক্তবাজার অর্থনীতির সূচনা।
এ ছাড়া সংসদীয় গণতন্ত্রে প্রত্যাবর্তন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্তি, ভ্যাট চালু, এসিড অপরাধ দমন আইন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন গঠন, প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা, নারী শিক্ষা সম্প্রসারণ, শ্রম আইন প্রণয়ন, খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি, জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ও তিনি অর্জনের তালিকায় রেখেছেন।
পরিবেশ সংরক্ষণ আইন প্রণয়ন, জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি, সিএনজি চালু, দেশের প্রথম ফ্লাইওভার নির্মাণ, জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন বৃদ্ধি, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় গঠন, ভিশন-২০৩০ এবং স্বাধীন দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠাকেও তালিকায় উল্লেখ করা হয়েছে।
মাহ্দী আমিনের তালিকায় আরও রয়েছে উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, বেসরকারি খাতে মোবাইল যোগাযোগ উন্মুক্তকরণ ও বিটিআরসি গঠন, কোস্ট গার্ড প্রতিষ্ঠা, তারেক রহমানের ৩১ দফা, কৃষকদের জন্য কৃষিঋণ মওকুফ ও কৃষক কার্ড, নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড এবং ধর্মীয় উপাসকদের মাসিক সম্মানী প্রদানের উদ্যোগ।
সবশেষে বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্বকে অগ্রাধিকার দিয়ে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও স্বাধীনতার মূলনীতিকে ধারণ করে গণমুখী ও জনসম্পৃক্ত রাজনীতিকে বিএনপির ৪৮তম অর্জন হিসেবে উল্লেখ করেছেন তিনি।
মাহ্দী আমিন বলেন, জিয়াউর রহমানের স্বনির্ভরতার দর্শন ও খালেদা জিয়ার কল্যাণমুখী রাষ্ট্র পরিচালনার ধারাবাহিকতায় তারেক রহমানের নেতৃত্বে সুশাসন, ন্যায়বিচার, জবাবদিহিতা ও অন্তর্ভুক্তির বাংলাদেশ গড়ে উঠছে।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক পথযাত্রায় বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ত্যাগ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভালোবাসা ও সমর্থন দলটির দীর্ঘ অভিযাত্রার অন্যতম গৌরবময় অধ্যায়।