টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে শফিকুর রহমানের বৈঠক
দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে বৈঠকে বসেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে দেশের প্রথম সারির বিভিন্ন টেলিভিশন চ্যানেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন। বেলা ১১টার পর থেকে তারা একে একে বিরোধীদলীয় নেতার বাসভবনে আসতে শুরু করেন।
বৈঠক শুরুর আগে জামায়াতে ইসলামীর নেতারা জানান, জ্যেষ্ঠ সাংবাদিকদের কাছ থেকে দিকনির্দেশনামূলক বিভিন্ন মতামত নিতে চান তারা। একই সঙ্গে নতুন বাংলাদেশ বিনির্মাণে বিরোধী দলের কাছে গণমাধ্যমের প্রত্যাশা কী, সে বিষয়েও মতামত নেওয়া হবে।
বৈঠকে দেশের গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি, গণমাধ্যমের প্রত্যাশা এবং ভবিষ্যতে বিরোধী দলের সঙ্গে গণমাধ্যমের সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে।