শুক্রবার , ০৪ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার , ০৪ সেপ্টেম্বর ২০২৬
হোমজাতীয়হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচলে সমস্যা নেই: ইরানের রাষ্ট্রদূত

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচলে সমস্যা নেই: ইরানের রাষ্ট্রদূত

favicon
সাইফুল আলম মিরাজ
হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচলে সমস্যা নেই: ইরানের রাষ্ট্রদূত

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচলে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমী জাহানাবাদী। এর ফলে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে যে জটিলতা তৈরি হয়েছে, তা থেকে বাংলাদেশ আপাতত মুক্ত থাকছে।


বুধবার (২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের দপ্তরে সৌজন্য সাক্ষাৎকালে ইরানের রাষ্ট্রদূত এ কথা জানান।


সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী অঞ্চলটির পাশাপাশি এর বাইরের জনগণের স্বার্থে চলমান উত্তেজনা দ্রুত নিরসন এবং দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন।


এদিকে সাম্প্রতিক সময়ে আলোচনায় থাকা মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়েও কথা বলেন ইরানের রাষ্ট্রদূত। তিনি জানান, ‘মক্কা প্যাক্ট’ ইরানের বিরুদ্ধে কোনো জোট নয়। এ চুক্তিতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানানো হলে ইরান তা গ্রহণ করবে।


একই সঙ্গে মক্কা প্যাক্টে বাংলাদেশের অন্তর্ভুক্তিতেও তেহরানের কোনো আপত্তি নেই বলে জানান ইরানের রাষ্ট্রদূত।