এআইয়ের সহায়তা নিতে পারবেন বিচারকরা, তবে রায় দিতে হবে নিজ বিবেচনায়: আইনমন্ত্রী
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ক্ষেত্রে বিচারকরা এর সহায়তা নিতে পারবেন। তবে রায় দেওয়ার ক্ষেত্রে বিচারকের নিজস্ব বিবেচনাকেই প্রাধান্য দিতে হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রমনায় ‘এআই গভর্নেন্স সামার স্কুল-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, একজন বিচারকও এআইয়ের কারণে ক্ষতির মুখে পড়তে পারেন। সঠিক ও ন্যায়সংগত রায় না দেওয়ার ক্ষেত্রে এআই কোনোভাবে প্রভাব ফেলতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি।
এ কারণে এআই নিয়ন্ত্রণ ও পরিচালনার জন্য একটি বিল প্রণয়ন করা হবে জানিয়ে আইনমন্ত্রী বলেন, বিলটি পরবর্তীতে সংসদে পাস করা হবে।
তিনি আরও বলেন, এআইয়ের বিভিন্ন সুবিধা কাজে লাগানো হবে। তবে এর অপব্যবহার যাতে না হয়, সেদিকেও নজর রাখতে হবে।
আইনমন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার আবির্ভাব বিচারকদের সামনে নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে। এই প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা ও যথাযথ নিয়ন্ত্রণ জরুরি।