আসিফ মাহমুদের সম্পদের উৎস অনুসন্ধানের দাবি
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সম্পদের উৎস অনুসন্ধানের দাবি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওতে এক যুবক তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের দুর্নীতির বিচার দাবি করেছেন।
‘তানভীর রিজভী’ নামের একটি ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে ওই যুবককে বিভিন্ন ঘটনা সম্পর্কে বক্তব্য দিতে দেখা যায়। তবে ভিডিওতে উত্থাপিত অভিযোগগুলোর স্বাধীনভাবে সত্যতা যাচাই করা যায়নি।
ভিডিওতে ওই যুবক দাবি করেন, সিসিটিভি ফুটেজে টাকাভর্তি ব্যাগ হাতে টি-শার্ট পরা যে ব্যক্তিকে দেখা গেছে, সেটি তিনি নিজেই। একই সঙ্গে ওয়েস্টিন হোটেলের নিচে সাদা রঙের মোটরসাইকেল ও হেলমেট পরা অবস্থায় তার সঙ্গে একজন উপদেষ্টা কথা বলেছিলেন বলেও দাবি করেন তিনি। ওই ব্যক্তি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ছিলেন বলে দাবি করেন যুবকটি।
মোহাম্মদপুর থানার একটি ঘটনার প্রসঙ্গও ভিডিওতে তুলে ধরেন তিনি। তার দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজনকে ধানমণ্ডি থানায় আটক করার পর তাদের ছাড়িয়ে আনতে প্রভাবশালী ব্যক্তিরা ভূমিকা রেখেছিলেন। এ সময় আব্দুল হান্নান মাসউদের নাম উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, কেন একজন প্রভাবশালী ব্যক্তি থানায় গিয়ে তাদের ছাড়ানোর উদ্যোগ নিয়েছিলেন।
ভিডিওতে ওই যুবক আরও দাবি করেন, সাম্প্রতিক সময়ে কিছু ব্যক্তি অল্প সময়ের মধ্যে বিপুল সম্পদের মালিক হয়েছেন। তাদের সম্পদের উৎস অনুসন্ধানের দাবি জানিয়ে তিনি বলেন, কীভাবে এবং কোন উৎস থেকে তারা এত অর্থের মালিক হয়েছেন, তা তদন্ত করে দেখা প্রয়োজন।
ভিডিওর শেষাংশে জানে আলম নামের এক ব্যক্তির প্রসঙ্গও আসে। সেখানে দাবি করা হয়, গ্রেপ্তারের আগে তিনি নিজের বক্তব্য ভিডিও করে রেখেছিলেন এবং গ্রেপ্তার হলে সেটি সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্টদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এক বন্ধুর কাছে সংরক্ষণ করে দিয়েছিলেন। তবে পরবর্তী সময়ে সেই ভিডিও প্রকাশ্যে আসেনি বলে দাবি করা হয়েছে।
ভিডিওতে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং প্রকৃত ঘটনা উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন।