‘সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবাই বাংলাদেশি’: প্রধানমন্ত্রী
সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু হিসেবে নয়, দেশের সব নাগরিককে বাংলাদেশি হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের সব মানুষের গর্বিত পরিচয়—তারা সবাই বাংলাদেশি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন জনগণের অধিকার হরণ করে নিষ্ঠুর শাসন চালানো হয়েছিল। হাজারো প্রাণের বিনিময়ে জনগণ সেই শাসনের অবসান ঘটিয়েছে। এখন অর্থনীতি, সামাজিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলার উন্নতির মাধ্যমে দেশ পুনর্গঠনের সময় এসেছে।
দেশকে অস্থিতিশীল করতে বিভিন্নভাবে গুজব ছড়ানোর চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে উসকানি দেওয়ার অপচেষ্টা ঠেকাতে ধর্মীয় সম্প্রীতি ও সহিষ্ণুতা বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সবার দেশ এবং নাগরিক হিসেবে প্রত্যেকের অধিকার সমান। নিজ নিজ ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতি অনুযায়ী জীবনযাপন করা প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। বর্তমান সরকার ও বিএনপি ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতিতে বিশ্বাস করে।
তিনি আরও বলেন, ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও নিরাপত্তা পাওয়ার অধিকার সবার সমান।
এর আগে সকাল ১০টার দিকে শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। পরে ৯ জন পুরোহিত ও সেবায়েতের হাতে সম্মানী ও ভাতা তুলে দেন তিনি। একই কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন স্থানে আরও ৬৪ জন পুরোহিত ও সেবায়েতকে ভাতা দেওয়া হয়।