শাপলা চত্বর মামলা: পলাতক আসামিদের আত্মসমর্পণে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ ৩০ আসামিকে আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে আসামিদের আত্মসমর্পণের বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।
এদিন সকালে মামলায় গ্রেপ্তার ১০ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের মধ্যে সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও দীপু মনি এবং লেখক শাহরিয়ার কবির রয়েছেন। অসুস্থতার কারণে সাংবাদিক ফারজানা রূপাকে আদালতে হাজির করা হয়নি।
এর আগে গত ২৭ জুলাই শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
প্রসিকিউশনের অভিযোগ, ২০১৩ সালের ৫ মে আসামিদের যোগসাজশে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে হেফাজতে ইসলামকে দমনের উদ্দেশ্যে শাপলা চত্বরে হত্যাকাণ্ড চালানো হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৬১ জন নিহতের তালিকা পাওয়া গেছে বলে জানিয়েছে প্রসিকিউশন। তাদের মধ্যে ৫৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে।
মামলায় গ্রেপ্তার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী শামসুল হক টুকু, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, আবদুল জলিল মণ্ডল ও সাংবাদিক মোজাম্মেল বাবু।