ঢাকা পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের এগিয়ে আসার আহ্বান ডিএসসিসি প্রশাসকের
ঢাকা শহরকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখতে সিটি করপোরেশনের পাশাপাশি সামাজিক প্রতিষ্ঠান, এনজিও এবং সাধারণ নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর পল্টন থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত মেট্রোরেলের নিচের সড়ক বিভাজনে বৃক্ষরোপণ ও সবুজায়ন কর্মসূচিতে তিনি এ আহ্বান জানান।
ডিএসসিসি প্রশাসক বলেন, সবার সম্মিলিত উদ্যোগ ছাড়া ঢাকার সার্বিক পরিবেশ রক্ষা করা সম্ভব নয়। নগরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক প্রতিষ্ঠান, এনজিও এবং নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার সুবিধাজনক বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে গাছ লাগানো হচ্ছে। পাঁচ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানোর জাতীয় পরিকল্পনার অংশ হিসেবে ডিএসসিসির প্রাথমিক লক্ষ্যমাত্রা ৩ লাখ গাছ। তবে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে।
ডিএসসিসি প্রশাসক বলেন, এরই মধ্যে প্রায় ৬৭ হাজার গাছ লাগানোর কাজ সম্পন্ন হয়েছে। নগরের বিভিন্ন এলাকায় সবুজায়ন কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে।