দুষ্টের দমনে কঠোর, শিষ্টের প্রতি মানবিক হতে হবে পুলিশকে: রাষ্ট্রপতি
দুষ্টের দমনে পুলিশকে কঠোর এবং শিষ্টের পালনে ন্যায়সঙ্গত ও মানবিক আচরণ করার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে বাংলাদেশ পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ নির্দেশনা দেন।
রাষ্ট্রপতি বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠায় দ্রুত ও যথাযথ পদক্ষেপ নিতে হবে।
সাইবার অপরাধ, অপতথ্য, মিথ্যা তথ্য ও গুজব, ছিনতাই, চাঁদাবাজি এবং মাদকের বিস্তার রোধে কার্যকর ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ দেন রাষ্ট্রপতি। নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি এসব বিষয়ে জনগণকে নিয়মিত অবহিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
সাক্ষাৎকালে বিচারবহির্ভূত হত্যা, জনগণকে হয়রানি এবং মিথ্যা মামলা বন্ধে কার্যকর ব্যবস্থা অব্যাহত রাখার নির্দেশ দেন রাষ্ট্রপতি। মানুষের মৌলিক মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
এ সময় আইজিপি পুলিশ বাহিনীর আধুনিকায়ন, ডিজিটালাইজেশন এবং সদস্যদের মনোবল দৃঢ় রাখতে নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করলে তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।