বাধা এলেও ৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করা হবে: এনসিপি
আগামী শনিবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম অভিমুখে অনুষ্ঠেয় লংমার্চে বাধা এলেও কর্মসূচি সফল করা হবে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকায় দলীয় কার্যালয়ে সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনসিপি নেতারা এ কথা জানান।
এ সময় দলের সদস্যসচিব আখতার হোসেন অভিযোগ করেন, সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। জনভোগান্তি নিরসন এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এই লংমার্চ কর্মসূচি দেওয়া হয়েছে বলে জানান তিনি।
লংমার্চে সাধারণ মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে আখতার হোসেন বলেন, জনগণের স্বার্থ সংশ্লিষ্ট দাবিতে আয়োজিত এই কর্মসূচি সফল করতে সবার সহযোগিতা প্রয়োজন।
দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী জানান, আগামী ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বর থেকে লংমার্চ শুরু হবে। জনসাধারণের ভোগান্তি কমাতে একটি লাইনে গাড়িবহর চট্টগ্রামের উদ্দেশে রওনা হবে বলেও জানান তিনি।
এনসিপি নেতারা বলেন, কর্মসূচিতে কোনো ধরনের বাধা দেওয়া হলেও লংমার্চ সফল করতে তারা প্রস্তুত রয়েছেন।