বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
হোমজাতীয়সাড়ে পাঁচ মাস পর সংসদে ফিরলেন মির্জা আব্বাস

সাড়ে পাঁচ মাস পর সংসদে ফিরলেন মির্জা আব্বাস

favicon
ভোরের আলো ডেস্ক:
সাড়ে পাঁচ মাস পর সংসদে ফিরলেন মির্জা আব্বাস

দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।


বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে অধিবেশন শুরুর কিছুক্ষণ পর সংসদ কক্ষে প্রবেশ করেন ঢাকা-৮ আসনের এই সংসদ সদস্য। এ সময় স্পিকার তাকে স্বাগত জানান। পরে সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তাকে অভিবাদন জানান।


এর আগে গত ১১ মার্চ রাজধানীর শাহজাহানপুরের বাসায় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য প্রথমে সিঙ্গাপুর এবং পরে মালয়েশিয়ায় নেওয়া হয় তাকে।


দীর্ঘ চিকিৎসা শেষে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বুধবার (২ সেপ্টেম্বর) দেশে ফেরেন তিনি।


গত ১২ মার্চ শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এর ঠিক আগের দিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া এবং পরে বিদেশে চিকিৎসাধীন থাকায় সংসদের আগের অধিবেশনগুলোতে অংশ নিতে পারেননি মির্জা আব্বাস। এমনকি রাষ্ট্রপতি নির্বাচনের সময়ও তিনি ভোট দিতে পারেননি।


ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বৃহস্পতিবারই প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিলেন বিএনপির এই নেতা।