৬ দফা দাবিতে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু
গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও দ্রুত জ্বালানি সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ শুরু করেছে ১১ দলীয় ঐক্য।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশ শেষে লালদীঘির উদ্দেশে যাত্রা শুরু করেন ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা।
লংমার্চের আগে আয়োজিত উদ্বোধনী সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নির্বাচিত সরকার ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে দেশ ও জনগণের সঙ্গে প্রতারণা করছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের ব্যর্থতার কারণে এটি একটি ব্যর্থ সরকার হিসেবে নিজেদের প্রমাণ করেছে।
১১ দলীয় ঐক্যের নেতারা বলেন, গণভোটের রায় বাস্তবায়নের জন্য ছয় দিনই যথেষ্ট ছিল। অথচ ছয় মাস পেরিয়ে গেলেও গণভোটের রায় বাস্তবায়ন করা হয়নি। এর মাধ্যমে সরকার জনগণের রায়কে উপেক্ষা করেছে। সরকারের এই ‘ধৃষ্টতার’ যথাযথ জবাব দেশের মানুষ সঠিক সময়ে দেবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
বক্তারা আরও অভিযোগ করেন, প্রশাসন দলীয়করণ থেকে শুরু করে মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়া—সব ক্ষেত্রেই সরকার ফ্যাসিবাদী কায়দায় ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা করছে।
তারা বলেন, বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকটের পাশাপাশি সার সংকট এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যে দেশের মানুষ নাজেহাল হয়ে পড়েছে। এসব সংকট দ্রুত সমাধানে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।