শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
হোমজাতীয়বিদেশে টাঙ্গাইলের চমচম রপ্তানির উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু

বিদেশে টাঙ্গাইলের চমচম রপ্তানির উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু

favicon
ভোরের আলো ডেস্ক:
বিদেশে টাঙ্গাইলের চমচম রপ্তানির উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইলের শতবর্ষের ঐতিহ্যবাহী চমচম বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।


শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে তিন দিনব্যাপী ‘সুইট ফেস্টিভ্যাল-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


সুলতান সালাউদ্দিন টুকু বলেন, টাঙ্গাইলের চমচম সারা দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের কাছেও পরিচিত। টাঙ্গাইলের শাড়ি যেমন বাংলাদেশের গর্ব ও ঐতিহ্য, তেমনি চমচমও এ অঞ্চলের ঐতিহ্যের অংশ। এই ঐতিহ্যবাহী পণ্যকে কীভাবে আরও এগিয়ে নেওয়া যায়, সেটি সবার দায়িত্ব।


তিনি বলেন, টাঙ্গাইলের ঐতিহ্য ও অর্জন দেশবাসীর সামনে তুলে ধরতেই এ উৎসবের আয়োজন করা হয়েছে। ঐতিহ্যকে ধারণ করে আগামী দিনে ঐতিহাসিক ও নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন।


মিষ্টি উৎসবের উদ্দেশ্য তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, টাঙ্গাইলের স্থানীয় পণ্য মানুষের কাছে পরিচিত করা এবং এসব পণ্যকে সারাদেশে প্রতিষ্ঠিত করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। এর মাধ্যমে জেলার ঐতিহ্যকে আরও বিস্তৃত পরিসরে তুলে ধরা সম্ভব হবে।


তিনি বলেন, নির্বাচনের আগে গোপালপুরের একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাড়ি, চমচম ও আনারসের কথা বলেছিলেন। টাঙ্গাইলের চমচম কীভাবে বিদেশে রপ্তানি করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।


সুলতান সালাউদ্দিন টুকু বলেন, চমচম শিল্পের প্রসার ঘটলে দেশের রপ্তানি আয় বাড়ার পাশাপাশি এ শিল্পে মানুষের আগ্রহ ও কর্মসংস্থানও বাড়বে। এর মাধ্যমে প্রান্তিক অর্থনীতির পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে।


টাঙ্গাইলের তাঁতশিল্পের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বিদেশে টাঙ্গাইলের শাড়ির ব্যাপক চাহিদা রয়েছে। এ ঐতিহ্য ধরে রাখতে তাঁতিদের জন্য ঋণের ব্যবস্থা করতে হবে এবং প্রান্তিক পর্যায়ের তাঁতিদের স্বল্প সুদে আর্থিক সহায়তা দিতে হবে।


তিনি আরও জানান, ইতোমধ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন। তাঁতিদের সঙ্গে কথা বলে একটি সমাবেশ আয়োজন করা হবে। এর মাধ্যমে তাঁতশিল্পের উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


টাঙ্গাইলের পর্যটন সম্ভাবনা, শতবর্ষের মিষ্টি তৈরির ঐতিহ্য দেশ-বিদেশে তুলে ধরা এবং স্থানীয় পণ্যের প্রসারে ৪ থেকে ৬ সেপ্টেম্বর তিন দিনব্যাপী ‘সুইট ফেস্টিভ্যাল-২০২৬’ আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ উৎসবে জেলার ১২ উপজেলা থেকে ২৩টি স্টল অংশ নিয়েছে। এর মধ্যে ২০টি স্টলে ঐতিহ্যবাহী মিষ্টি এবং তিনটি স্টলে টাঙ্গাইলের তাঁতের শাড়ি প্রদর্শন করা হচ্ছে।


এর আগে বিকেলে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, বিভিন্ন উপজেলার ইউএনও এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।