জনগণের অধিকার আদায় করেই ঘরে ফিরব: ডা. শফিকুর রহমান
জনগণের অধিকার আদায়ের জন্য পথে নেমেছেন, দাবি আদায় করেই ঘরে ফিরবেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশে কোনো চাঁদাবাজকে মানুষ বরদাশত করবে না। চাঁদাবাজদের কারণে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। সম্প্রতি গ্রেপ্তার সিফাতের গালাগালিকে সমর্থন করেন না জানিয়ে তিনি বলেন, যে কারণে সিফাত প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছে, সেই সমস্যার সমাধান করতে হবে। তা না হলে দেশের ১৮ কোটি মানুষই একসময় সিফাত হয়ে উঠবে।
তিনি আরও বলেন, দেশের মানুষ নিজেদের অধিকার আদায়ের প্রশ্নে কোনো ছাড় দেবে না। লংমার্চে কোনো বাধা এলে তা উপেক্ষা করেই কর্মসূচি এগিয়ে যাবে।
জামায়াত আমির বলেন, জনগণের অধিকার আদায়ের জন্য তারা রাজপথে নেমেছেন। রাজপথের পাশাপাশি সংসদেও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সমানভাবে লড়াই চালিয়ে যাবেন।
সমাবেশ শেষে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীদের বহর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে চট্টগ্রামের লালদীঘির উদ্দেশে যাত্রা শুরু করে।