লংমার্চে বাধা দিলে ৬ দফা এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
১১ দলীয় ঐক্যের লংমার্চে কোনো ধরনের বাধা দেওয়া হলে ঘোষিত ছয় দফা দাবি এক দফায় পরিণত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, যত বাধা-বিপত্তিই আসুক, ১১ দলীয় ঐক্যের লংমার্চ চট্টগ্রামে পৌঁছাবে। এই লংমার্চ মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে। একই সঙ্গে যারা গণভোটের গণরায় উপেক্ষা করেছে, তাদের বিরুদ্ধেও এ কর্মসূচি।
তিনি বলেন, লংমার্চ শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হবে। নতুন করে যারা স্বৈরাচারী হওয়ার পথে এগোচ্ছে, তাদের সেই পথ বন্ধ করতেও এ লংমার্চ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নাহিদ ইসলাম আরও বলেন, লংমার্চে বাধা দেওয়া হলে ঘোষিত ছয় দফা দাবি আর ছয় দফায় সীমাবদ্ধ থাকবে না, তা এক দফায় পরিণত হবে।
শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশ শেষে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীদের গাড়িবহর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ধরে চট্টগ্রামের লালদীঘির উদ্দেশে যাত্রা শুরু করে।