শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
হোমজাতীয়হজ ব্যবস্থাপনা সুষ্ঠু করতে সৌদি সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ: ধর্মমন্ত্রী

হজ ব্যবস্থাপনা সুষ্ঠু করতে সৌদি সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ: ধর্মমন্ত্রী

favicon
মাহামুদুল হাসান
হজ ব্যবস্থাপনা সুষ্ঠু করতে সৌদি সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ: ধর্মমন্ত্রী

হজের নিবন্ধন ও ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সৌদি সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।


শনিবার (৫ সেপ্টেম্বর) শ্রেষ্ঠ হজ গাইডদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


ধর্মমন্ত্রী বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি বাংলাদেশি হাজিদের বিভিন্ন সমস্যা সমাধানে সরকার কাজ করছে।


গতবার একটি হজ এজেন্সির অব্যবস্থাপনার কারণে দুইজন হাজি নির্ধারিত সময়ে হজে যেতে পারেননি উল্লেখ করে তিনি বলেন, পরে পুলিশ, এনএসআইসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় তাদের হজে পাঠানো হয়। তিনি এ ঘটনাকে সরকারের ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।


হাজিদের সেবার বিষয়ে কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, গতবার সরকার বিনামূল্যে এক লাখ পানির বোতল সরবরাহ করেছে। পাশাপাশি লাগেজ র‍্যাপিংয়ের জন্য হাজিদের কোনো অর্থ ব্যয় করতে হয়নি। পুরো কার্যক্রম সরকারের ব্যবস্থাপনায় সম্পন্ন করা হয়েছে।


তিনি হজ গাইডদের সেবার মান আরও উন্নত করার আহ্বান জানান। ভালো কাজ করলে ভবিষ্যতে হজ গাইডদের জন্য আরও সুযোগ তৈরি করা হবে এবং বর্তমানের তুলনায় বড় পরিসরে পুরস্কৃত করা হবে বলেও জানান তিনি।


এবার শ্রেষ্ঠ হজ গাইডদের মোট ৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ পুরস্কারের অর্থ আরও বাড়ানো হবে বলে জানান ধর্মমন্ত্রী।


সুষ্ঠু ব্যবস্থাপনার ফলে এবার কোনো হাজির লাগেজ হারিয়ে যায়নি বলেও উল্লেখ করেন তিনি।


অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ জানান, হজ কার্যক্রমে সাশ্রয় হওয়া অর্থ আগামীকাল সরকারের কাছে হস্তান্তর করবে ধর্ম মন্ত্রণালয়।