শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
হোমজাতীয়২০৩০ সালের মধ্যে ৪ কোটি পরিবারের একজনকে পেনশন স্কিমে আনার লক্ষ্য

২০৩০ সালের মধ্যে ৪ কোটি পরিবারের একজনকে পেনশন স্কিমে আনার লক্ষ্য

favicon
ভোরের আলো ডেস্ক:
২০৩০ সালের মধ্যে ৪ কোটি পরিবারের একজনকে পেনশন স্কিমে আনার লক্ষ্য

সর্বজনীন পেনশন স্কিমে আবারও গতি আনতে চায় সরকার। ২০৩০ সালের মধ্যে দেশের ৪ কোটি পরিবারের অন্তত একজন সদস্যকে এ স্কিমের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। এরই মধ্যে লেনদেন ও হিসাব পরিচালনার জন্য ৪৫টি ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে কর্তৃপক্ষ।


শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বিজিএমইএ ভবনে পোশাক কারখানার শ্রমিক ও কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক আলোচনা সভায় এসব তথ্য জানান জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. সুরাতুজ্জামান।


তিনি বলেন, ১৮ থেকে ৬০ বছর বয়সী নাগরিকরা চারটি স্কিমের আওতায় বিভিন্ন মেয়াদে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা রাখতে পারবেন। ৬০ বছর বয়স থেকে আমৃত্যু পেনশন পাওয়ার সুযোগ থাকবে। বর্তমানে এ ক্ষেত্রে মুনাফার হার ৮ শতাংশ নির্ধারণ করা হয়েছে।


নির্বাহী চেয়ারম্যান জানান, কোনো পেনশনভোগী ৭৫ বছর বয়স পূর্ণ হওয়ার আগে মারা গেলে তাঁর নমিনি পেনশনভোগীর ৭৫ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত অর্থ পাবেন। প্রয়োজনে পেনশনের ৩০ শতাংশ অর্থ এককালীন উত্তোলনের সুযোগও রয়েছে।


এ পর্যন্ত প্রায় ৩ লাখ ৮০ হাজার মানুষ বিভিন্ন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হয়েছেন। এসব স্কিমে জমা হয়েছে প্রায় ৩০০ কোটি টাকা। প্রকল্পের আরও উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে ১০০ বিলিয়ন ডলার ঋণের সম্মতি পাওয়া গেছে বলেও জানান ড. সুরাতুজ্জামান।


আলোচনা সভায় বিজিএমইএ সভাপতি পোশাকশ্রমিকদের বিষয়টি বিবেচনায় নিয়ে ৬০ বছরের পরিবর্তে ৫৫ বছর বয়স থেকেই পেনশন দেওয়ার সুপারিশ করেন। একই সঙ্গে সরকার কিছু প্রণোদনা দিলে সর্বজনীন পেনশন স্কিমের কার্যক্রম আরও দ্রুত সম্প্রসারিত হবে বলে মত দেন তিনি।